মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

জাতীয় পোশাকে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেলেও সেমিফাইনালের প্রথম ধাপেই থামল সামিরা খানের যাত্রা।

টুইট ডেস্ক : আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিনিধিকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম বাছাইপর্বে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হলে সেখানে মাহির নাম পাওয়া যায়নি।

তবে প্রতিযোগিতার জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। ২২ নভেম্বর অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি।

‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ ভাবনায় তৈরি পোশাকটির মাধ্যমে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেন তিনি।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব, মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন সময়ে ভোটের হিসাবে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি। তবে দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন।

এবার মিথিলার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে জাতীয় পোশাকে প্রশংসা পেলেও মূল প্রতিযোগিতার প্রথম বাছাইপর্বেই শেষ হলো তাঁর মিস ইউনিভার্স অভিযান।