যাত্রী সংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

নারীদের জন্য চালু বিশেষ বাসে যাত্রী মিলছে দিনের নির্দিষ্ট সময়ে। আয়-ব্যয়ের ঘাটতি মেটাতে প্রতিটি বাসে ভর্তুকি দিতে হচ্ছে বিআরটিসিকে।

টুইট ডেস্ক : নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু করা বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না। ফলে গত আড়াই মাসে ১৪টি বাস পরিচালনায় সরকারের লোকসান হয়েছে প্রায় ২৮ লাখ টাকা।

গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে ১০টিসহ মোট ১৪টি বিশেষায়িত পিঙ্ক বাস চালু করা হয়। তবে কর্মদিবসে অফিস ছুটির সময় মতিঝিল-আব্দুল্লাহপুর রুটের একটি বাসে যাত্রীসংখ্যা ছিল মাত্র চার-পাঁচজন। সকালে নির্ধারিত কয়েকটি স্টপেজ থেকে যাত্রী নিয়ে বিকেলে ফিরে আসে বাসগুলো। দিনের বাকি সময় অধিকাংশ বাস ডিপোতে অলস পড়ে থাকে।

বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রির আয় থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতন ও আনুষঙ্গিক ব্যয় বাদ দিয়ে আড়াই মাসে ১৪টি বাসে লোকসান হয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। মাসে গড়ে লোকসানের পরিমাণ প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, দিনের অন্যান্য সময়ে নারী যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়ে। বাস পরিচালনায় দৈনিক আয় হচ্ছে প্রায় ৫০ থেকে ৫১ হাজার টাকা, বিপরীতে ব্যয় এক লাখ টাকার বেশি। ফলে অধিকাংশ বাস পরিচালনায় ভর্তুকি দিতে হচ্ছে। সারাদিন বাস চলাচল করলে যাত্রী ও আয় বাড়বে বলে আশা করছেন তিনি।

পিঙ্ক বাস সার্ভিসের প্রচারণার ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন বিআরটিসি চেয়ারম্যান। তিনি জানান, আগামী মার্চে বহরে আরও ৫০টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস যুক্ত হওয়ার কথা রয়েছে। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্যও ৫০টি বাস আসবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। কয়েক দিন পরীক্ষামূলক চলাচলের পর ১ মার্চ থেকে সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, শুধু নারীদের জন্য বিশেষ বাস চালুর চেয়ে সামগ্রিক গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাসগুলো সবার জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী করা গেলে যাত্রীসংখ্যা বাড়বে, পাশাপাশি পরিচালনাকারী প্রতিষ্ঠানও লাভবান হতে পারবে।