সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির

দীর্ঘদিনের বন্ধুত্বের পর সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে, ডিসেম্বরে কালিম্পংয়ে বসবে মূল আয়োজন

টুইট প্রতিবেদক: দীর্ঘদিনের বন্ধুত্বের পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এবার আংটি বদলসহ বিয়ের বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতে পারিবারিক আয়োজনে আইনি বিয়ে করেন মিমি। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন মিমির পরনে ছিল সোনালি ও দুধসাদা শাড়ি। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাঞ্জাবি।

প্রকাশিত ছবিতে কখনো পাশাপাশি বসে হাসিমুখে, আবার কখনো একে অপরকে আংটি পরিয়ে দিতে দেখা গেছে নবদম্পতিকে। বিয়ের নথিতে সই করার মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এত দিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও এবার বিশেষ মুহূর্তগুলো প্রকাশ্যে আনলেন তিনি।

মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে দুজনের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার পর এবার বিয়ের মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু করলেন তাঁরা।

তবে আইনি বিয়ের মধ্যেই শেষ হচ্ছে না তাঁদের বিয়ের আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে মূল অনুষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর হবে ডিনার অনুষ্ঠান। পরদিন ৪ ডিসেম্বর আয়োজন করা হবে মেহেদি ও সংগীতের।

সবশেষে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাহাড়ি পরিবেশে এই আয়োজন ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।