চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে তুলতে উদ্যোগ সরকারের

বিদেশগামী কর্মীদের দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বিনা অভিবাসন ব্যয়ে প্রথম দফায় ১১২ জন কর্মী পাঠানো হলো মালয়েশিয়ায়।

টুইট ডেস্ক : আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার আবারও চালু হয়েছে। সরকারি উদ্যোগে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠানো গেলে তারা যেমন উপকৃত হবেন, তেমনি লাভবান হবে দেশও। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মক্ষেত্রে তাদের সুবিধা বাড়বে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সেখানে পৌঁছে সুস্থভাবে কাজ করতে হবে এবং দেশটির সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। তাদের ভালো কাজ ও আচরণ বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেবে এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।