পাঁচ বছরের মধ্যে টেস্টে ৫০০ রানের ইনিংস খেলবে বৈভব: পিটারসেন

এক ইনিংসে ২০৪ রানের রেকর্ড গড়েই আলোচনায় বৈভব।
টুইট প্রতিবেদক: ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৫০০ রান করার অবিশ্বাস্য কীর্তি গড়বেন এই তরুণ ব্যাটার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পিটারসেন লেখেন, ‘একটা কথা বলে রাখি, আগামী পাঁচ বছরের মধ্যে বৈভব টেস্ট ম্যাচে ৫০০ রান করবে!’
সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন বৈভব। দোহায় অনুষ্ঠিত এসিসি মেনস রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
ওই ইনিংসে ২৮টি ছক্কা ও ৭টি চার মারেন বাঁহাতি এই ব্যাটার। ৩৮৪.৯০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েন বৈভব।
এর আগে গত ২৪ নভেম্বরও বৈভবের প্রশংসা করেছিলেন পিটারসেন। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়াকে অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। এমন কিছু কীর্তি বৈভব গড়ছেন, যা অনেক ক্রিকেটার দীর্ঘ ক্যারিয়ারেও করতে পারেন না বলে মন্তব্য করেছিলেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
এবার বৈভবকে নিয়ে আরও বড় প্রত্যাশার কথা জানালেন পিটারসেন। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাটার এক ইনিংসে ৫০০ রান করতে পারেননি। ফলে পিটারসেনের এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হলে তা হবে ক্রিকেট ইতিহাসের অনন্য এক ঘটনা।






