পোল্ট্রি শিল্প অর্থনীতির শক্ত ভিত্তি: প্রধানমন্ত্রী

দেশে দুই লাখের বেশি পোল্ট্রি খামার, প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম; প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পোল্ট্রি শিল্প এখন জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়েছে। বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এই খাত দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, যার ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনন্দিন জীবিকার জন্য পশুপালনের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উৎপাদন বৃদ্ধি ও শিল্পায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলাও সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন রোগবালাইয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান ১৭টি রোগের টিকা উৎপাদন করছে। তবে চাহিদা পূরণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে জাতীয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। মার্চ থেকে আগস্ট—এই ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, টিকাদান, গবেষণা এবং মানসম্মত উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উপকূলীয় চরাঞ্চল ও খাসজমি সমবায়ের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানান। পাশাপাশি প্রাণীর কল্যাণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণী অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিযোগ্য খাতে পরিণত করতে সরকার নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং ন্যায্যমূল্য নিশ্চিতের মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সাফল্য দেশের লাখো খামারি, উদ্যোক্তা ও গবেষকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাতে পরিণত হবে।






