পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতির আঙিনায় বাংলাদেশের স্পিকার

১৯৬৬ সালে ক্যাডেট হিসেবে যোগ দেওয়া হাফিজ উদ্দিন আহমদের কাকুলে প্রত্যাবর্তন; আবেগঘন স্মৃতিচারণ, স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট।

টুইট ডেস্ক: পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) কাকুলে স্মৃতিময় প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একসময় যে একাডেমিতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন, এবার সেই প্রতিষ্ঠানে তিনি ফিরেছেন বাংলাদেশের সংসদের স্পিকার হিসেবে।

পাকিস্তান মিলিটারি একাডেমির প্রকাশিত এক বার্তায় জানানো হয়, একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় একাডেমির প্রশিক্ষণ মাঠ ও পরিচিত পরিবেশ ঘুরে দেখেন স্পিকার।

বার্তায় বলা হয়, ১৯৬৬ সালে ক্যাডেট হিসেবে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তান সেনাবাহিনীতে তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ওই সময়ের প্রশিক্ষণ তাঁর জীবন, শৃঙ্খলা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিজের পুরোনো প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। একাডেমির সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতি ও সম্পর্কের কথা তুলে ধরেন বাংলাদেশের স্পিকার।

পাকিস্তান মিলিটারি একাডেমির বার্তায় এই প্রত্যাবর্তনকে দুই দেশের অভিন্ন ঐতিহ্য ও সামরিক জীবনের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত একটি বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ ও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল।