নারীদের পরিচয়ে হোটেলে কক্ষ ভাড়া, যেভাবে গ্রেপ্তার বদির ছেলে

প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত, রাত পৌনে ১টায় অভিযান শুরু; প্রায় পাঁচ ঘণ্টা পর গ্র্যান্ড প্যালেস থেকে আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর জল্লারপাড় এলাকার অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও টেকনাফের এক সাবেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন।

গ্রেপ্তার চারজন হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আমিনুর রহমান আমিন, ছোট ভাই ও সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যক্তিরা সিলেট নগরীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু হয়। এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। পরে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তাঁর দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।

ওসি আরও বলেন, তাঁরা সিলেট নগরীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান ওসি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি। অন্যদিকে আব্দুস শুক্কুর বদির ছোট ভাই ও সহযোগী হিসেবে পরিচিত।