৮৪ মিশনের যেখানেই হাসিনাকে পাওয়া যাবে, গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী; এর আগে হুমায়ুন কবির বলেন, দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে।

টুইট ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনো একটিতে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদের এই বক্তব্যের আগে একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

হুমায়ুন কবির আরও অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ ধরনের যেকোনো কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

এর আগে শেখ হাসিনার মুখপাত্র ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাঁর দেশে ফেরার সুযোগ নেই।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং