সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

পাঁচ বছরে বছরে ১৫ হাজার কোটি টাকা সহায়তার প্রস্তাব; ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি, আটকে থাকা ১৪ হাজার কোটি টাকা আদায়েও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছে ব্যাংকটি।
টুইট ডেস্ক: আর্থিক সংকট থেকে উত্তরণ ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকটির প্রতিশ্রুতি, ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে।
একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা আদায়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে উল্লেখ করা ৮২ হাজার কোটি টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া এবং ব্যাংকের আর্থিক সংকট অব্যাহত থাকায় পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে পুনরুদ্ধারের জন্য ১৩ দফা প্রস্তাব পাঠিয়েছে। তিনটি ধাপে সাজানো এসব প্রস্তাবে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং সরকারের আর্থিক সহায়তা পাওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শীর্ষক নথিতে বলা হয়েছে, ব্যাংকটির স্বাভাবিক ও টেকসই কার্যক্রম ফিরিয়ে আনতে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং রাজস্ব খাত থেকে সরকারি সহায়তা প্রয়োজন। এ জন্য পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তাও চেয়েছে ব্যাংকটি। দীর্ঘমেয়াদি পরিশোধ ব্যবস্থা ও উপযুক্ত শর্তের আওতায় এ অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব রয়েছে।
এস আলম গ্রুপের সম্পদ উদ্ধারে সহায়তা চায় ব্যাংক
ইসলামী ব্যাংকের পুনরুদ্ধার প্রস্তাবে এস আলম গ্রুপসহ অন্যান্য দুর্দশাগ্রস্ত ঋণখেলাপির কাছ থেকে অর্থ আদায়ের বিষয়টিও রয়েছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি সম্পদ জব্দ, অবরুদ্ধ শেয়ারের মালিকানা গ্রহণ এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ চেয়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৮১ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্ট আদালতের এক আদেশে তিন মাসের জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে প্রায় ১৪ হাজার কোটি টাকা
ইসলামী ব্যাংকের হিসাবে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এর মধ্যে পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে রয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা। জনতা ব্যাংকে আটকে আছে ১ হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা।
এসব অর্থ ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির পরিকল্পনা অনুযায়ী, আটকে থাকা অর্থ আদায় করা সম্ভব হলে তারল্য সংকট কমবে, পুরোনো সম্পদ উদ্ধার হবে এবং আর্থিক হিসাব স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রগতি আসবে।
সিআরআর-এসএলআর ঘাটতির জরিমানা মওকুফের প্রস্তাব
পুনরুদ্ধার পরিকল্পনায় নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) সংরক্ষণে ঘাটতির বিপরীতে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফের প্রস্তাবও দিয়েছে ব্যাংকটি। তবে প্রচলিত আইন অনুযায়ী, এ ধরনের জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। ব্যাংক কোম্পানি আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের।
বর্তমান নিয়ম অনুযায়ী, একটি ব্যাংককে তার মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ সিআরআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। অন্যদিকে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য এসএলআর সংরক্ষণের হার সাড়ে ৫ শতাংশ। সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে ঘাটতি অংশের ওপর ৯ শতাংশ এবং এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয়।
সরকারকে ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা দেওয়ার পরিকল্পনা
ইসলামী ব্যাংকের পুনরুদ্ধার প্রস্তাবের প্রথম ধাপে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। এ জন্য ব্যাংকের পরিচালন কাঠামোসংক্রান্ত মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় ধারা সংশোধনের সুযোগও চেয়েছে পর্ষদ।
দ্বিতীয় ধাপে মূলধন ঘাটতি পূরণে সরকারকে কৌশলগত অংশীদার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানের ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে যাবে। ব্যাংকটির দাবি, মূলধন বাড়ানো হলে বাসেল-৩ নীতিমালার আওতায় মূলধন ঘাটতি পূরণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি মোকাবিলার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে তারল্য সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে টেকসই আর্থিক পুনরুদ্ধার সম্ভব হবে। এতে আমানতকারীদের আস্থা ফেরানো এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখাও সহজ হবে।
এদিকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটি জামায়াতপন্থি হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকারবলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী ব্যাংকটির পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন এবং এ নিয়ে কাজ চলছে।
প্রতিষ্ঠার পর থেকে পর্ষদে পরিবর্তন
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াতপন্থিদের কর্তৃত্বে পরিচালিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে ব্যাংকটির তিনজন চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন হয়েছেন দুজন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়েই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।
খেলাপি ঋণ মোট ঋণের ৫২ শতাংশের বেশি
ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতিও বেশ নাজুক। চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি হয়েছে ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসেই ব্যাংকটি নিট লোকসান করেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা।
ব্যাংকটির এই আর্থিক পরিস্থিতিতে ৭৫ হাজার কোটি টাকার সরকারি সহায়তা, বিশেষ তারল্য সুবিধা, মূলধন বৃদ্ধি এবং আটকে থাকা অর্থ উদ্ধারের প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে, তা এখন বাংলাদেশ ব্যাংক ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, সমকাল।






