নাশকতার আশঙ্কার মধ্যে অরক্ষিত ট্রেনযাত্রা, চরম ঝুঁকিতে রাজশাহীর ট্রেনযাত্রীরা

খাবারবাহী বগিতে আটটি অগ্নিনির্বাপক যন্ত্র, যাত্রীবাহী বগিতে নেই প্রয়োজনীয় সরঞ্জাম; কোথাও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার, কোথাও খালি—সরেজমিন অনুসন্ধানে উদ্বেগজনক চিত্র।

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের বগিতে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কথা অগ্নিনির্বাপক যন্ত্রের। কিন্তু সেই যন্ত্রই যদি মেয়াদোত্তীর্ণ কিংবা খালি থাকে, আর কোনো কোনো বগিতে প্রয়োজনীয় সরঞ্জামের অস্তিত্বই না মেলে, তাহলে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীদের জীবন রক্ষার দায়িত্ব নেবে কে? এমন প্রশ্নই সামনে এসেছে রাজশাহী থেকে চলাচলকারী ট্রেনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণে।

টুইটনিউজ২৪.কমের প্রতিবেদকের সরাসরি পরিদর্শনে উঠে এসেছে, ট্রেনের বিভিন্ন বগিতে অগ্নিনিরাপত্তা সরঞ্জামের ক্ষেত্রে রয়েছে গুরুতর ঘাটতি।

পর্যবেক্ষণে দেখা গেছে, বিভিন্ন বগিতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ উত্তীর্ণ। কোথাও খালি সিলিন্ডার পড়ে আছে, আবার কোনো যাত্রীবাহী বগিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জামের ঘাটতি রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, খাবারবাহী বগিতে আটটি অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও সাধারণ যাত্রীবাহী বগিতে প্রয়োজনীয় সরঞ্জামের উপস্থিতি নেই। ত‌বে সবই মেয়াদোত্তীর্ণ।

অগ্নিনিরাপত্তা কি শুধু লোকদেখানো

ট্রেনে সাধারণত ড্রাই কেমিক্যাল পাউডার (ডিসিপি/এবিসি) এবং কার্বন ডাই-অক্সাইড (সিওটু) ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো আগুনের ধরন অনুযায়ী বৈদ্যুতিক সরঞ্জাম, দাহ্য তরলসহ বিভিন্ন উৎসের আগুন নিয়ন্ত্রণে কাজে লাগে। সাধারণত যাত্রীবাহী বগির নির্ধারিত স্থানে, বিশেষ করে দরজার কাছাকাছি, এসব যন্ত্র রাখা হয়। এ ছাড়া ইঞ্জিন, গার্ড ব্রেক ও পাওয়ার কার বা জেনারেটর কক্ষেও অগ্নিনিরাপত্তার সরঞ্জাম থাকা জরুরি।

অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ, চাপ ও কার্যকারিতা নিয়মিত পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী রিফিল বা পরিবর্তন করা প্রয়োজন। শুধু বগিতে সিলিন্ডার ঝুলিয়ে রাখলেই নিরাপত্তা নিশ্চিত হয় না।

ট্রেন ছাড়ার আগে পরীক্ষা হয় কি

প্রশ্ন উঠেছে, ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা কী পরীক্ষা করেন? বগিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে কি না, সেগুলো সচল কি না এবং মেয়াদ রয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয় কি?

একটি চলন্ত ট্রেনে বৈদ্যুতিক শর্টসার্কিট, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কারণে আগুন লাগলে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হতে পারে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন। অথচ জরুরি মুহূর্তে অকার্যকর অগ্নিনির্বাপক যন্ত্র কোনো কাজে নাও আসতে পারে।

জরুরি মুহূর্তে যন্ত্র ব্যবহারের নিয়ম

অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের বহুল প্রচলিত পদ্ধতি হলো পাস (PASS)। প্রথমে পুল (PULL)—নিরাপত্তা পিন খুলতে হয়। এরপর এইম (AIM)—আগুনের শিখার ওপর নয়, গোড়ায় নজল তাক করতে হয়। তারপর স্কুইজ (SQUEEZE)—হ্যান্ডেল চেপে অগ্নিনির্বাপক উপাদান বের করতে হয়। সবশেষে সুইপ (SWEEP)—আগুনের গোড়ায় নজল ডানে-বামে নাড়াতে হয়।

বৈদ্যুতিক লাইনে আগুন লাগলে পানি ব্যবহার করা বিপজ্জনক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই আগুনের ধরন অনুযায়ী উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া জরুরি।

দুর্ঘটনার আগে জবাবদিহি চাই

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট যান্ত্রিক বিভাগের কর্মকর্তাদের অবিলম্বে রাজশাহী থেকে চলাচলকারী সব ট্রেনের প্রতিটি বগিতে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করতে হবে। মেয়াদোত্তীর্ণ, খালি ও অকার্যকর অগ্নিনির্বাপক যন্ত্র পরিবর্তন করে সচল যন্ত্র স্থাপন করতে হবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা থাকলে তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অগ্নিনির্বাপক যন্ত্র কোনো প্রদর্শনীর সামগ্রী নয়, এটি জীবন রক্ষার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বড় দুর্ঘটনা কিংবা প্রাণহানির পর তদন্ত কমিটি গঠনের পরিবর্তে দুর্ঘটনার আগেই নিরাপত্তা নিশ্চিত করা রেলওয়ের দায়িত্ব। রাজশাহীর ট্রেনগুলোর অগ্নিনিরাপত্তার এই উদ্বেগজনক চিত্রের অবসান চান যাত্রীরা। প্রশ্ন একটাই—নিরাপত্তা নিশ্চিত করতে আর কত প্রাণের ঝুঁকি নিতে হবে?

সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা বেড়ে যাওয়ায় গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্রেনের অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ, কোথাও খালি, আবার কোথাও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার চিত্র যাত্রীদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে।

নাশকতা কিংবা দুর্ঘটনা—যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও প্রস্তুত রাখা এখন সময়ের দাবি।