সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন, খোলাসা করলেন এমপি ফজলুর রহমান

পদত্যাগের দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ডকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। এ ধরনের ভুয়া সংবাদে বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক করেছেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেন তিনি।
পোস্টে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে প্রচারিত ফটোকার্ডের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এতে আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। এ ধরনের বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সত্য তথ্য প্রচার এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণাসংক্রান্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিজের ফেসবুক পোস্টে এ দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন ফজলুর রহমান।






