লিথুয়ানিয়ায় ৩,৮০০ সেনার মহড়া, অংশ নিচ্ছে ন্যাটোর ৮ দেশ

৭০০ ড্রোন, ১০০টি লোটারিং মিউনিশন ও ইউরোফাইটার যুদ্ধবিমান ব্যবহারের পরিকল্পনা; ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারে গুরুত্ব!
বিশ্ব ডেস্ক: ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষা সক্ষমতা ও মিত্র দেশগুলোর সমন্বয় যাচাইয়ে লিথুয়ানিয়ায় চলছে ‘ফ্রিডম শিল্ড ২৬-২’ সামরিক মহড়া। জার্মান সেনাবাহিনীর ৪৫তম সাঁজোয়া ব্রিগেডের নেতৃত্বে আয়োজিত এ মহড়ায় আটটি ন্যাটো দেশের প্রায় ৩ হাজার ৮০০ সেনা অংশ নিচ্ছেন।
জার্মান সামরিক বাহিনীর ৬ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ নভেম্বর শুরু হওয়া এ মহড়া ১০ দিনব্যাপী। এতে জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও লিথুয়ানিয়ার সেনারা অংশ নিচ্ছেন। লিথুয়ানিয়ায় জার্মান সেনাবাহিনীর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মাঠপর্যায়ের সামরিক মহড়া।
মহড়ায় প্রায় ৭০০টি ড্রোন ব্যবহার এবং প্রথমবারের মতো ১০০টি লোটারিং মিউনিশন বা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আত্মঘাতী ড্রোনব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ট্যাংক, সাঁজোয়া যান, সামরিক প্রকৌশল দল ও জার্মান বিমানবাহিনীর ইউরোফাইটার যুদ্ধবিমান ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
গত ২০ নভেম্বর ন্যাটোর মিত্র সেনারা লিথুয়ানিয়ার নেমুনাস নদী যুদ্ধকালীন পরিস্থিতিতে অতিক্রমের মহড়া চালান। পদাতিক সেনারা ট্যাংক, সাঁজোয়া যান ও ড্রোনের সহায়তায় নদী পার হয়ে অপর তীরে অবস্থান তৈরি করেন। পরে নেদারল্যান্ডসের সামরিক প্রকৌশলীরা সেতু নির্মাণ ও ভারী সামরিক সরঞ্জাম পারাপারে সহায়তা করেন।
লিথুয়ানিয়ায় জার্মান ব্রিগেডের সামরিক প্রস্তুতি, যুদ্ধ পরিচালনার সক্ষমতা এবং মিত্র বাহিনীর সঙ্গে সমন্বয় যাচাই এ মহড়ার মূল উদ্দেশ্য। রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল ও বেলারুশের কাছাকাছি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারের অংশ হিসেবেও মহড়াটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: জার্মান সামরিক বাহিনী (বুন্ডেসভের), লিথুয়ানিয়ার সশস্ত্র বাহিনী, এলটিএ সংবাদ সংস্থা।






