ভোটার তালিকায় নাম না থাকলেই ভারতীয় মুসলিম বিদেশি নন: সিএআইআর

ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের লক্ষ্যবস্তু করার অভিযোগ; ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে।
বিশ্ব ডেস্ক: ভারতের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে নাম বাদ পড়লেই কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।
ভারতে ভোটার তালিকা সংশোধন ও কথিত বহিষ্কার কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) এই সতর্ক বার্তাকে স্বাগত জানিয়েছে।
সিএআইআর-এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সংগঠনটির অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে।
বিবৃতিতে ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদের বক্তব্যের বরাত দিয়ে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বিদেশি নাগরিক হিসেবে অভিযুক্ত করা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সিএআইআর জানায়, ধর্মীয় পরিচয়ের কারণে নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া তাদের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করছে। এমনকি নিজ আবাসভূমি থেকে বিতাড়নের ঝুঁকিও তৈরি হতে পারে।
সংগঠনটি জোর দিয়ে বলেছে, শুধু ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা উচিত নয়। ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে সমান সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার মৌলিক মানবাধিকার।
এ পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে সিএআইআর।
উল্লেখ্য, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন। নাগরিক অধিকার রক্ষা, ইসলাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের মুসলিমদের ক্ষমতায়নে কাজ করে সংগঠনটি।






