বাংলাদেশ-ভারত সম্পর্ক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত: ভারতীয় সেনা কর্মকর্তা

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং; মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা, প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতিও তুলে ধরা হয়।

টুইট ডেস্ক: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।

শনিবার (২১ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি দুই দেশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানও মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরেন।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া উদ্যোগের বিষয়টিও উল্লেখ করেন।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।