করাইলে আগুনে ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি দিলেন ডা. জুবাইদা

বিপদে মানুষের পাশে সরকার আছে, ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস; নিহত তরুণের পরিবারের প্রতি সমবেদনা।

টুইট ডেস্ক: রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘর হারানো পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করে তিনি বলেন, বর্তমান সরকার বিপদে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে পাশে থাকবে।

এ সময় করাইল বস্তির অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ার রহমান শুভ্রের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।

গত ১৫ নভেম্বর রোববার ভোরে মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, ওই দিন ভোরে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ভোর পৌনে ৫টার দিকে করাইল বস্তির পশ্চিম পাশে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টার দিকে পুরোপুরি নেভানো হয়।

নিহত শাহরিয়ার করাইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।