এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়ম পেয়েছে দুদক

প্রতিদিন এক লাখ গাড়ি চললেও টোল হিসাবে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ; বুথের বাইরে টিকিট বিক্রিতে রাজস্ব ফাঁকির সুযোগ দেখছে দুদক!
নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা কম দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিদিন এক লাখের মতো গাড়ি চলাচল করলেও টোল আদায়ের হিসাবে ৮০ হাজারের কম যানবাহন দেখানো হচ্ছে; এমন অভিযোগের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাজধানীর কুড়িলে পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জানান, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট বিক্রি করেন। এ পদ্ধতিতে সরকারি রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের দল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালিত একটি প্রকল্প। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ সরকার পাবে। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নেমে গেলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়ার বিধান রয়েছে।
দুদকের কাছে অভিযোগ এসেছে, প্রকৃত যানবাহনের সংখ্যা বেশি হলেও টোল আদায়ের হিসাবে তা কম দেখানো হচ্ছে। এতে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
দুদকের আভিযানিক দলের ভাষ্য, শুধু টিকিট বিক্রির পদ্ধতিতেই নয়, এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতেও দুর্বলতা রয়েছে।
তবে এ বিষয়ে বর্তমানে এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশনের বক্তব্য পাওয়া যায়নি।
দুদক জানিয়েছে, এখন পর্যন্ত যানবাহন চলাচল ৮০ হাজারের বেশি হওয়ায় ৪৪ বার সরকার অতিরিক্ত টোলের রাজস্ব পেয়েছে।






