বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

মুরগির খামারে চুরির অভিযোগে গণপিটুনির শিকার; হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, মরদেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তে
নিজস্ব প্রতিবেদক: রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মো. মকবুল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরলার মোড় এলাকায় কুরিক চিকস সিপি বাংলাদেশ-৬ মুরগির খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত মকবুল হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া সাঁওতালপাড়ার বাসিন্দা। তিনি সবুর আলীর ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী বলেন, চুরির অভিযোগে মকবুলকে এর আগেও একাধিকবার থানায় আটক করা হয়েছিল। এলাকায় তিনি একটি বিশেষ নামে পরিচিত ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঘটনার পর কয়েকজন ব্যক্তি মকবুল হোসেনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ থানায় নেওয়া হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।






