টেকনাফে শতাধিক বোমা ও বিপুল অস্ত্র-গুলিসহ আটক ২

মিয়ানমার থেকে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র-বিস্ফোরক আনার অভিযোগ; দুটি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ
টুইট ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক হাতে তৈরি বোমা, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
রোববার সকালে কক্সবাজার-রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়ার মেহেদী হাসান। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবি সেক্টর কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির সদস্যরা সড়কে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালান। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক পাচার করে এনেছিল বলে তথ্য পাওয়া গেছে।
জব্দ করা অস্ত্র, বিস্ফোরক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






