ফিনল্যান্ড উপসাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, আগুন

ইউক্রেনের হামলার সন্দেহ; জাহাজে সামরিক সরঞ্জাম থাকার আশঙ্কা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফিনল্যান্ড।

টুইট প্রতিবেদক: রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে ফিনল্যান্ড উপসাগরে। দুটি ড্রোনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় বাল্টিক অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ‘স্পার্টা-২’ নামের জাহাজটি কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সীমান্ত থেকে মাত্র তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, হামলার পর জাহাজটি থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। উদ্ধার অভিযানের পাশাপাশি সম্ভাব্য পরিবেশদূষণ মোকাবিলায়ও প্রস্তুতি নেওয়া হয়।

জাহাজটির রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এতে সামরিক কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে পরবর্তী সময়ে লেনিনগ্রাদের গভর্নর জানান, রাশিয়ার একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। জাহাজের কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজের কর্মীরা প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে পুনরায় যাত্রা শুরুর পরিকল্পনা করছেন।

এদিকে এস্তোনিয়ার নৌবাহিনীর প্রধান আইভো ভার্ক জানান, হামলার পর জাহাজটির ইঞ্জিন অচল হয়ে পড়েছে। তবে এটি ডুবে যাওয়ার আশঙ্কা নেই। এস্তোনিয়ার বিমানবাহিনীর ধারণা, ড্রোনগুলো ইউক্রেন থেকে এসেছে।

ঘটনার দিন ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি রুশ হেলিকপ্টার লোভিসা উপকূলের কাছে ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল। একপর্যায়ে সেটি দেশটির ভূখণ্ডের প্রায় ৪ দশমিক ১ কিলোমিটার ভেতরে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো বলেছেন, যুদ্ধ এখন তাঁদের নিকটবর্তী অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়াও কৃষ্ণসাগরে একটি ইউক্রেনীয় পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য পরিবহনের সময় জাহাজটিতে হামলা চালানো হয়।

একই সময়ে ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামরিক তৎপরতার কারণে বিদ্যুৎ সরবরাহের দুটি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

সব মিলিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বাল্টিক অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ফিনল্যান্ড, এস্তোনিয়া ও ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।