জাবির বিতর্ক উৎসবে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠান

পাঁচ শতাধিক বিতার্কিকের অংশগ্রহণ, তিন পর্যায়ে চ্যাম্পিয়নদের নাম ঘোষণা।
টুইট ডেস্ক : দেশের ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬’। দুই শতাধিক নয়, পাঁচ শতাধিক বিতার্কিক ও বিচারকের অংশগ্রহণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রাণবন্ত এ আয়োজন শেষ হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানে গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি তিন পর্যায়েই বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবে ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতি (ডিইউডিএস)। রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ)।
আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ বিতর্ক সমিতি (ডিসিডিএস)। রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বিতর্ক ক্লাব (এমসিপিডিসি)।
অন্যদিকে, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮)। রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।
স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা। প্রথম রানার্সআপ হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানভীর রায়ান। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন একই প্রতিষ্ঠানের মির্জা মুক্তাদির মাহদি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা। প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. আরাফাত ইসলাম রিফাত। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান ও তাসফিকুর রশিদ তুর্য।
উৎসবের আহ্বায়কের দায়িত্ব পালন করেন জেইউডিও সভাপতি আল লুবান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ে হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ে দুর্বার শামিত আদি।
আয়োজকদের ভাষ্য, তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চাকে উৎসাহিত করাই এ উৎসবের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক মঞ্চে যুক্ত করার মধ্য দিয়ে যুক্তিনির্ভর সমাজ গঠনে ভূমিকা রাখাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।






