গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল দুই যুবকের।

টুইট প্রতিবেদক:  গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাঁদের দুজনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের দুই আরোহী।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মালেক আলী সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।