রুয়েটের ‘অ্যারো ভেনম’ জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ

নিজস্ব উদ্ভাবনী অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে ৬০ হাজার টাকা পুরস্কার অর্জন

রাবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এ রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিযোগিতায় উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতার স্বাক্ষর রাখে রুয়েটের ‘অ্যারো ভেনম’। রানার্সআপ হওয়ায় দলটিকে ৬০ হাজার টাকার পুরস্কারের ডেমো চেক হস্তান্তর করা হয়।

দলের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম।

এ ছাড়া দলের অন্য সদস্যরা হলেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদও দলের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী দলটিতে কাজ করছেন।

প্রতিযোগিতায় দলের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান এবং দলটির উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণদের উদ্ভাবনকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ জরুরি।

এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান বলেন, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত গবেষণাগার এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে প্রতিষ্ঠানটির ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। চারটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো. তারেক হাসনাত রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০ নভেম্বর ২০২৬।