খাজাকে ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বললেন ডি ভিলিয়ার্স

স্যান্ডপেপার বিতর্ক নতুন করে সামনে আনায় ক্ষুব্ধ সাবেক প্রোটিয়া পেসার, অস্ট্রেলীয় ক্রিকেটে বিভেদ তৈরির অভিযোগ।

টুইট প্রতিবেদক: ক্রিকেটের আলোচিত স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার বিস্ফোরক মন্তব্যের পর এবার তাঁর কঠোর সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স। খাজাকে গত ৪০-৫০ বছরে ক্রিকেটে দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেছেন তিনি।

পার্থের ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, নিজের আত্মজীবনীতে পুরোনো বিতর্ক সামনে এনে খাজা আচরণবিধির প্রতিটি নিয়ম ভেঙেছেন। তাঁর মতে, এর মাধ্যমে সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতার পাশাপাশি অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছেন খাজা।

খাজার প্রতি ক্ষোভ প্রকাশ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি রেকর্ডে রাখতে চাই, আমার মনে হয় গত ৪০-৫০ বছরে ক্রিকেট দেখতে গিয়ে উসমান খাজার মতো বড় বিশ্বাসঘাতক আর কাউকে দেখিনি।’

তিনি আরও বলেন, একজন মানুষের পক্ষে যত ধরনের আচরণবিধি ভাঙা সম্ভব, খাজা সেসবই করেছেন। বিষয়টি ভুল না ঠিক, সেই বিতর্কের নিষ্পত্তি আগেই হয়েছে। কিন্তু খাজা আবারও পুরোনো ঘটনা সামনে এনে অস্ট্রেলীয় ক্রিকেটের বন্ধুত্ব ও দলের অভ্যন্তরীণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছেন।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় আলোচনায় এসেছিল অস্ট্রেলিয়া। স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। পরে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও শাস্তির মুখে পড়েন।

ঘটনাটি শনাক্ত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডি ভিলিয়ার্সের। ওই সময় ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক রিভার্স সুইং লক্ষ করে তিনি অস্ট্রেলীয় খেলোয়াড়দের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেছিলেন।

সম্প্রতি নিজের আত্মজীবনী ‘সবর’-এ খাজা দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা শুধু কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং পুরো অস্ট্রেলিয়া দলই বিষয়টি আগে থেকে জানত। তাঁর এই বক্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়।

খাজার দাবির পক্ষে প্রথমে কথা বলেন ডেভিড ওয়ার্নার। পরে প্রায় চার হাজার শব্দের লেখায় নিজের অবস্থান তুলে ধরেন ক্যামেরন ব্যানক্রফটও। তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স দাবি করেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা জানতেন না। খাজার বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করেন তিনি।

ফলে প্রায় আট বছর আগের সেই বল বিকৃতি কেলেঙ্কারি নতুন করে অস্ট্রেলীয় ক্রিকেটে বিতর্ক ও মতবিরোধের জন্ম দিয়েছে।