রাজশাহীতে নির্মাণ হচ্ছে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ: রাসিক প্রশাসক

রাজশাহী হাফ ম্যারাথনে অংশ নিলেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ।

নিজস্ব প্রতি‌নি‌ধি, রাজশাহী: উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬’। এতে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন। নগরীতে খেলাধুলার পরিবেশ সম্প্রসারণে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানে আয়োজিত ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়। এরপর কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দৌড় ও খেলাধুলা শুধু মানুষকে সুস্থ রাখে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে গতির সঞ্চার করে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রাজশাহী রানার্স কমিউনিটির এ ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশনা দিয়েছেন। এর ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে।

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, আসুন, সবাই মিলে গ্রিন ও ক্লিন রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলি।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে মহানগরীতে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর অধ্যাপক আমিরুজ্জামান এবং রেস মার্শাল কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি করপোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি, স্পার্কলিংসহ অন্যান্য প্রতিষ্ঠান।