সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল

৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, এরপর কারণ দর্শানোর সুযোগ ছাড়াই নেওয়া হবে ব্যবস্থা।
টুইট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা ও ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিল করা হবে। এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে যেসব বরাদ্দপ্রাপক তাঁদের সরকারি বাসার সম্পূর্ণ অংশ কিংবা এক বা একাধিক কক্ষ ভাড়া দিয়েছেন, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপককে নিজে বরাদ্দ করা বাসায় বসবাস নিশ্চিত করতে হবে। সরকারি আবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট সতর্কতা দিয়ে বলা হয়েছে, ৩০ নভেম্বরের পর কোনো বরাদ্দ করা বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হবে।
শুধু বরাদ্দ বাতিলই নয়, বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর তাদের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়া বন্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
পরবর্তী সময়ে ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়।
নতুন নির্দেশনার ফলে মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় সরকারি আবাসন পাওয়া ব্যক্তিদের নির্ধারিত বাসায় নিজের বসবাস নিশ্চিত করতে হবে। অন্যথায় হারাতে হতে পারে সরকারি বাসার বরাদ্দ।






