মঞ্জুর গাড়িতে আগুন, এবি পার্টির নিন্দা

বিজয়নগরে গভীর রাতে অগ্নিসংযোগ, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের দাবি।
টুইট ডেস্ক: রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, মুখে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে চলন্ত অবস্থায় গাড়িটি থামায়। পরে তারা মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
দলটির দাবি, কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে এরই মধ্যে গাড়িটির একাংশ পুড়ে যায়।
যৌথ বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টা রাজনৈতিক অসহিষ্ণুতা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে দলটিকে দমিয়ে রাখা যাবে না।
তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাদের ভাষ্য, আগুন-সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এবি পার্টির নেতারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।






