বান্দরবানের দুর্গম পাহাড়ে চিকিৎসাসেবা ও ওষুধ দিল সেনাবাহিনী

বান্দরবানের দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বান্দরবান সদর জোন।

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার দুর্গম জনপদে বসবাসরত অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। এরই ধারাবাহিকতায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি-এর নির্দেশনায় লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় এক বিশেষ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এই মানবিক কর্মসূচির আওতায় স্থানীয় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

উক্ত চিকিৎসা সহায়তা কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম, এএমসি। এ সময় তিনি দুর্গম এলাকার অসুস্থ মানুষদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সরাসরি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের চিকিৎসার কষ্ট লাঘব এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে তাদের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।