বৃটিশ সংগীত শিল্পী গ্রামীতে রায়ের রেকর্ড

মরণোত্তর মনোনয়ন ডলি পার্টনের ১১টি মনোনয়ন নিয়ে শীর্ষে ব্রিটিশ গায়িকা, ১০০তম মনোনয়নের মাইলফলক ছুঁয়েছেন বিয়ন্সেগ্র্যামিতে রায়ের রেকর্ড, মরণোত্তর মনোনয়ন ডলি পার্টনের।
টুইট প্রতিবেদক: ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় এবার সবচেয়ে বেশি আলোচনায় ব্রিটিশ সংগীতশিল্পী রায়ে। সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। অন্যদিকে মৃত্যুর পরও তিনটি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছেন সংগীতের কিংবদন্তি ডলি পার্টন। এ ছাড়া স্প্যানিশ গায়িকা রোজালিয়া পেয়েছেন ৯টি মনোনয়ন। সংগীতজগতের আরও বেশ কয়েকজন তারকা জায়গা করে নিয়েছেন এবারের মনোনয়ন তালিকায়।
রায়ের সাম্প্রতিক অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ এবং এর জনপ্রিয় গান ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’ তাকে এনে দিয়েছে এই সাফল্য। গানটি বর্ষসেরা গান ও বর্ষসেরা রেকর্ড, দুটি গুরুত্বপূর্ণ বিভাগেই মনোনীত হয়েছে। একই সঙ্গে অ্যালবামটি রয়েছে বর্ষসেরা অ্যালবামের তালিকায়।
অন্যদিকে প্রয়াত ডলি পার্টন পেয়েছেন তিনটি মরণোত্তর মনোনয়ন। এর মধ্যে দুটি সেরা কান্ট্রি দ্বৈত ও দলীয় পরিবেশনা বিভাগে। ‘বাটারফ্লাই’ গানে জ্যাক ব্রাউন ব্যান্ডের সঙ্গে এবং ‘লাইট অব আ ক্লিয়ার ব্লু মর্নিং’ গানে মাইলি সাইরাসসহ অন্য শিল্পীদের সঙ্গে কাজের স্বীকৃতি পেয়েছেন তিনি। এ ছাড়া নিজের জীবন ও সংগীতজীবনের গল্প নিয়ে লেখা অডিওবুক ‘স্টার অব দ্য শো: মাই লাইফ অন স্টেজ’-এর বর্ণনার জন্যও মনোনয়ন পেয়েছেন এই কিংবদন্তি।
মনোনয়নের দৌড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্প্যানিশ সংগীতশিল্পী রোজালিয়া। তার প্রশংসিত অ্যালবাম ‘লাক্স’-এর জন্য পেয়েছেন ৯টি মনোনয়ন। অন্যদিকে এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফিবি ব্রিজার্স প্রত্যেকে পেয়েছেন সাতটি করে মনোনয়ন। ব্রুনো মার্স, লিওন থমাস ও অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে।
এবারের মনোনয়নে বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন বিয়ন্সে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে তার ক্যারিয়ারে মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। গ্র্যামির ইতিহাসে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া শিল্পী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
অন্যদিকে ২০০৫ সালের জনপ্রিয় অ্যালবাম ‘কনফেশনস অন আ ডান্স ফ্লোর’-এর পরবর্তী অ্যালবাম ‘কনফেশনস টু’ প্রকাশ করলেও বড় চারটি বিভাগে মনোনয়ন পাননি ম্যাডোনা। তবে সেরা নৃত্যসংগীত অ্যালবাম বিভাগে জায়গা করে নিয়েছে তার নতুন অ্যালবামটি।
২০২৭ সালের গ্র্যামি মনোনয়নের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত প্রকাশিত গান ও অ্যালবাম বিবেচনায় নেওয়া হয়েছে। বিজয়ী নির্বাচন করবেন রেকর্ডিং অ্যাকাডেমির প্রায় ১৬ হাজার ভোটাধিকারপ্রাপ্ত সদস্য।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসর। রায়ের রেকর্ডসংখ্যক মনোনয়ন, রোজালিয়ার সাফল্য এবং ডলি পার্টনের মরণোত্তর স্বীকৃতি, সব মিলিয়ে এবারের আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস ও গ্র্যামি কর্তৃপক্ষ।






