মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি

সামরিক উপস্থিতি তিন বহরে উন্নীত, বাহরাইনে ইরানের ড্রোন হামলার দাবিতে বাড়ছে উত্তেজনা।

টুইট প্রতিবেদক; মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিকেন্দ্রিক যুদ্ধজাহাজের বহর বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ও অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও রণতরিটির মধ্যপ্রাচ্যে পৌঁছানোর তথ্য জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করেছে ইরান। রোববারের এ ঘটনার কয়েক দিন আগে, শুক্রবারও দেশটিতে ড্রোন হামলা চালানোর কথা জানায় তেহরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল প্রথম হামলার ঘটনা।

গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে জ্বালানি সম্পদসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। বিশেষ করে বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরির আগমনকে মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক উপস্থিতি বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক মোতায়েন নতুন করে শক্তির ভারসাম্য ও সম্ভাব্য সংঘাতের হিসাব-নিকাশকে প্রভাবিত করতে পারে।
তবে রণতরিটির মোতায়েনের উদ্দেশ্য এবং পরবর্তী সামরিক পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।