২২ বছর পর সিরিজ জয় জিম্বাবুয়ের

আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ইতিহাস গড়ল সফরকারীরা, অভিষেক টেস্টেই সেঞ্চুরি ও ৭ উইকেট নিয়ে অনন্য কীর্তি নাসির খানের।
টুইট প্রতিবেদক: দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। মঙ্গলবার শারজায় দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ এমন সিরিজ জিতেছিল দলটি।
ম্যাচটিতে জিম্বাবুয়ের জয়ের পাশাপাশি আলোচনায় এসেছেন আফগানিস্তানের অভিষিক্ত ক্রিকেটার নাসির খান। ব্যাট হাতে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট। টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়া চতুর্থ ক্রিকেটার হিসেবে অনন্য তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে ১২২ রানের গুরুত্বপূর্ণ লিড পায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে শুরুতে চাপে পড়লেও শেষ দিকে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ব্রেন্ডন টেলর করেন ৫০ রান। নবম উইকেটে ব্লেসিং মুজারাবানি ও গ্রায়েম ক্রেমারের ৯০ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। মুজারাবানি ৫৯ এবং ক্রেমার অপরাজিত ৫০ রান করেন। ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানেই ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে দলটি। এরপর আফসার জাজাই ও ইকরাম আলিখিল প্রতিরোধ গড়েন। পঞ্চম দিন ১৪৩ রানে ৫ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকেরা।
দলকে জয়ের পথে ফেরানোর চেষ্টা করেন জাজাই। ২০২ বলে ৮৭ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর নবম উইকেটে নাসির খান ও মোহাম্মদ সেলিম সাফি যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৯ রান। সেলিম সাফি ২২ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন নাসির।
শেষ পর্যন্ত ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় আফগানিস্তান। নাসির ১০১ রানে অপরাজিত থাকলেও তাঁর অসাধারণ লড়াই দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি।
এই জয়ের মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় পর টেস্ট সিরিজ জয়ের আনন্দে মাতে জিম্বাবুয়ে। অন্যদিকে ব্যক্তিগত নৈপুণ্যে অভিষেকেই ইতিহাস গড়লেও দলীয় পরাজয়ের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় নাসির খানকে।






