রেকর্ড অষ্টম শিরোপা খুলনার

রংপুরকে ৯ উইকেটে হারিয়ে সাত বছর পর চ্যাম্পিয়ন; জাতীয় লিগে ঢাকাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে দক্ষিণাঞ্চলের দল।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নতুন ইতিহাস গড়েছে খুলনা বিভাগ। রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দীর্ঘ সাত বছর পর শিরোপা জয়ের পাশাপাশি জাতীয় লিগের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী দল হিসেবেও এককভাবে শীর্ষস্থান দখল করেছে খুলনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ম্যাচে রংপুরের দেওয়া ২০১ রানের লক্ষ্য মাত্র ৪০.৪ ওভারে পেরিয়ে যায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন খুলনা। এর আগে সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে জাতীয় লিগের শিরোপা জিতেছিল দলটি।

এবারের আসরে সাত ম্যাচে চার জয় ও তিনটি ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। সমান ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট।

শিরোপা জয়ের লড়াইয়ে শেষ রাউন্ডের আগে কিছুটা চাপে ছিল খুলনা। আগের দিন বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে দুটি বোনাস পয়েন্টসহ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল ২০২৪ সালের চ্যাম্পিয়ন সিলেট। ফলে শেষ ম্যাচে খুলনার জন্য জয় কিংবা ড্র, দুটিই গুরুত্বপূর্ণ ছিল।

তবে ব্যাট-বলের দাপটে সব হিসাব পাল্টে দেয় দলটি।
রংপুরের বিপক্ষে লক্ষ্য তাড়ায় খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল হক। আজিজুল হাকিমকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করেন তিনি। মাত্র ৬৮ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন এনামুল। আবু হাশিমের বলে বোল্ড হয়ে ফিরলে তাঁর সেঞ্চুরি অধরাই থেকে যায়।

এরপর আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন। আজিজুল ৯টি চার ও দুটি ছক্কায় ৭৮ রান করেন। অন্যদিকে কালাম সাতটি চারের সাহায্যে অপরাজিত থাকেন ৩৫ রানে।

এবারের আসরে ব্যাট হাতেও অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুটি শতক ও তিনটি অর্ধশতকের সাহায্যে ৬৯.৩৮ গড়ে ৫৫৫ রান করে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। আজিজুল হাকিম করেছেন ৪৯৬ রান।

বল হাতে খুলনার সফলতম বোলার শেখ পারভেজ রহমান। ১২ ইনিংসে ২৬ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। সফর আলির শিকার ২৪ উইকেট।

অন্যদিকে রংপুরের হয়ে এবারের লিগে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মিম মোসাদ্দেক। ১৪ ইনিংসে ৫৭.৪৩ গড়ে ৮০৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি।

বোলিংয়েও দারুণ সাফল্য পেয়েছেন সফর আলি। রংপুরের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। পুরো আসরে ১২ ইনিংসে তাঁর শিকার ২৪ উইকেট, যা পেসারদের মধ্যে সর্বোচ্চ।

সাত বছর পর শিরোপা পুনরুদ্ধার করে খুলনা শুধু নিজেদের সাফল্যের ধারায় ফিরল না, জাতীয় লিগের ইতিহাসেও নতুন মাইলফলক স্থাপন করল। অষ্টম শিরোপা জয়ের মধ্য দিয়ে ঢাকাকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপাজয়ী দল এখন খুলনা।