মস্কোমুখী ৬০০ ড্রোন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় তীব্র চাপ

রাশিয়ায় ইউক্রেনের রেকর্ড ড্রোন হামলা, ২ হাজারের বেশি ভূপাতিতের দাবি। চারটি ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ধ্বংস । তেল স্থাপনায় আগুন, ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ।
টুইট ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ১৫ ও ১৬ নভেম্বর রাতভর হামলায় ১ হাজার ৩৩৬টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯টি ড্রোন, চারটি এফপি-৫ ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাতটি গাইডেড বোমা ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (১৬ নভেম্বর) দেশটির টেলিভিশন চ্যানেল জভেজদা এ তথ্য জানায়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীমুখী প্রায় ৬০০ ড্রোনের মধ্যে ১৯১টি ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ ও ক্রাসনোদার এলাকায় হামলায় শিল্প স্থাপনায় আগুন লাগে এবং অন্তত নয়জন আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।
ইউক্রেনের তৈরি চারটি এফপি-৫ ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। প্রায় ৩ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন প্রায় ১ হাজার ১৫০ কেজি বলে প্রকাশিত প্রযুক্তিগত তথ্যে উল্লেখ রয়েছে।
এ হামলা মোকাবিলায় রাশিয়ার প্যান্টসির-এস১ ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্যান্টসির মূলত ড্রোন ও স্বল্পপাল্লার আকাশ হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়। অন্যদিকে এস-৪০০ দীর্ঘপাল্লার কৌশলগত প্রতিরক্ষাব্যবস্থা। বিপুলসংখ্যক স্বল্পমূল্যের ড্রোন মোকাবিলায় রাশিয়াকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, কামান ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও ব্যবহার করতে হচ্ছে।
অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, একই রাতে রাশিয়া ১৫৮টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৭৭টি ছিল জেটচালিত ড্রোন। ইউক্রেন দাবি করেছে, ১৩১টি ড্রোন প্রতিহত করা হয়েছে। দিনিপ্রো শহরে রুশ হামলায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সামরিক বিশ্লেষকদের মতে, বিপুলসংখ্যক ড্রোন দিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষের রাডার, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে রাখা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ কৌশল। এতে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নিরাপত্তাও চ্যালেঞ্জের মুখে পড়ে।
তবে রাশিয়ার প্রকাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ২ হাজারের বেশি ড্রোন ভূপাতিতের দাবিকে মস্কোর সরকারি দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।






