চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় সাব্বির গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

জমি নিয়ে বিরোধ ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলা; গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুইট ডেস্ক: চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের আমিন মার্কেটের মা স্টোর নামের একটি দোকানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সাইফুদ্দিন মুরাদ (পিতা শামসুদ্দিন সওদাগর, পটিয়াপাড়া) সেখানে অবস্থানকালে সাব্বির হাসান তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সঙ্গে মুরাদের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এ ছাড়া বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক ফেসবুকে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন এ নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সাব্বির তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান বলে পুলিশের ভাষ্য।

ঘটনার পর গত ১৫ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাউজান থানার পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াপাড়া-গুজরা এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়ায় তাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির রান্নাঘরের সানসেটের ওপর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা এবং দুটি টিপ চাকু উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করেছেন, উদ্ধার হওয়া টিপ চাকুর একটি দিয়ে সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল।

সব মিলিয়ে অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।