যুক্তরাষ্ট্রে আজ ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল, বিমানবন্দরে চরম ভোগান্তি

রোববারও বিপর্যস্ত বিমান চলাচল, বিলম্বিত ৩ হাজার ৫৪১ ফ্লাইট; টার্মিনালে রাত কাটাচ্ছেন যাত্রীরা, পুরোনো রাডার ও যোগাযোগব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমান চলাচলব্যবস্থায় এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি। রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটিতে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে বিলম্বিত ফ্লাইটের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

দীর্ঘ সময় বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করতে করতে অনেক যাত্রীকে মেঝেতেই রাত কাটাতে হয়েছে। তবে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আশা করছে, রোববার রাতের দিকে বিমান চলাচল পরিষেবা অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।

ফ্লাইটঅ্যাওয়ারের হিসাব অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত মোট ৪ হাজার ২১৪টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ৫৪১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে শনিবার ৬ হাজার ১৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার দেশব্যাপী গ্রাউন্ড স্টপ জারির পর সেদিনও হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বের মুখে পড়ে।

বিমান চলাচলে এই বিপর্যয়ের সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। এফএএ জানায়, আকাশপথ নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ও রাডার ব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সব অন্তর্গামী উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে দেশব্যাপী গ্রাউন্ড স্টপ জারি করা হয়। চার ঘণ্টারও বেশি সময় পর রাত ৮টা ১৫ মিনিটে তা প্রত্যাহার করা হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে এ ধরনের দেশব্যাপী গ্রাউন্ড স্টপ বিরল ঘটনা।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পুরোনো কপার তারের পরিবর্তে ফাইবার সংযোগ স্থাপনের সময় একটি রাউটার বসিয়েছিল। ওই রাউটার নেটওয়ার্কে প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে প্রায় এক হাজার সংযোগের চেষ্টা পাঠাচ্ছিল। এতে অন্য রাউটারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

এর ফলে দেশটির ২২টি এন-রুট আকাশপথ নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে ১৭টিতে কণ্ঠ ও রাডার যোগাযোগে অস্থিরতা দেখা দেয়। তবে কোনো নিয়ন্ত্রণ কেন্দ্র পুরোপুরি অকার্যকর হয়ে পড়েনি বলে জানিয়েছেন এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিচালিত কোনো আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।

পরিবহনমন্ত্রী শন ডাফি শনিবার জানিয়েছেন, এফএএ-র সিস্টেম আবার পূর্ণ কার্যক্রমে ফিরেছে। তবে বিপর্যয়ের কারণে বিমান, ক্রু ও যাত্রীদের ছড়িয়ে পড়া অবস্থান থেকে নির্ধারিত জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগছে।

এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি পেরিয়ে গেছে। এয়ারলাইনগুলোর প্রত্যাশা অনুযায়ী, রোববার দিনের শেষ নাগাদ ফ্লাইট সূচি অনেকটা স্বাভাবিক হতে পারে। তবে এখনো দেশটির বিভিন্ন বড় বিমানবন্দরে দীর্ঘ যাত্রীর লাইন এবং ফ্লাইট বাতিলের নোটিশ দেখা যাচ্ছে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ভ্রমণের ব্যস্ত মৌসুম। এর ঠিক আগে বিমান চলাচলে এমন বিপর্যয় যাত্রী ও বিমান সংস্থাগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি দেশটির কংগ্রেসের কাছে পুরোনো আকাশপথ নিয়ন্ত্রণ অবকাঠামো আধুনিকায়নের জন্য বড় অঙ্কের বরাদ্দ চেয়েছেন। তার এই উদ্যোগের লক্ষ্য দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তিগত সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়ানো।