আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হচ্ছেন রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান

প্রধান বিচারপতির অভিপ্রায়ে সুপ্রিম কোর্ট থেকে সুপারিশ; আজই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা
টুইট ডেস্ক: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির অভিপ্রায়ের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন এ-সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সেটি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর শূন্য হওয়া পদে তাকে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১ ডিসেম্বর তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের দায়িত্বও দেওয়া হয়। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী তিনি একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, আইন মন্ত্রণালয়ে তার সংযুক্তির বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী প্রশাসনিক দায়িত্ব বণ্টন সম্পর্কেও পৃথক সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






