শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার

প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে ঢাকা: শামা ওবায়েদ।
টুইট প্রতিবেদক: জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। বাংলাদেশ চায়, চুক্তির বিধান অনুসরণ করেই ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাক।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের কথা বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে। তবে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা শর্তগুলো নিয়ে এখনই ভাবার প্রয়োজন দেখছেন না তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিষয়টির বাইরেও দুই দেশের সম্পর্কের পরিসর অনেক বিস্তৃত। মুক্তিযুদ্ধের আগেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ছিল।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘লগি-বৈঠা এবং রামদার আওয়ামী লীগ একই। তারা আগেও সন্ত্রাস করেছে, এখনো করছে।’
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করলেও ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। ফলে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বিষয়টির পরবর্তী অগ্রগতি দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ওপর নির্ভর করছে।






