বান্দরবানের দুর্গম সীমান্তে বিজিবির অভিযান, ৮ বাংলাদেশি আটক

ত্রিদেশীয় সীমান্তের পিলার-২৩৬৪ এলাকা থেকে আটক; উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী, ছুরি, দা ও চাপাতি

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাতযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, ক্যাম্পিংয়ের তাঁবুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধীন দোপানীছড়া বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫ গজ দূরে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর দুজন সদস্য রয়েছেন।

বিজিবি জানিয়েছে, আটক আটজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলেন ঝিনাইদহের শৈলকুপার মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার পোস্তগোলার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশনের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)। অন্য দুজনের পরিচয় যাচাই করা হচ্ছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা হলেন বান্দরবানের লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০)।

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথি ছাড়া আন্তর্জাতিক সীমান্তের এত কাছে তাঁদের উপস্থিতি সন্দেহজনক। এ কারণে বাংলাদেশের পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ৩ অনুচ্ছেদের পরিপন্থী এবং ১১(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ সীমান্ত অতিক্রম ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নূর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা।