গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

টুইট ডেস্ক: গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক সাঁজোয়া কর্মীবাহী যান (এপিসি) মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও দেহে ধারণযোগ্য ক্যামেরা।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বাধিক সংখ্যক সদস্যের সঙ্গে দেহে ধারণযোগ্য ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের পর্যবেক্ষণ কক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে, যাতে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘বেসামরিক প্রশাসনের সহায়তায়’ পরিচালিত দায়িত্বের আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনের সময় সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সরকার অর্পিত যেকোনো দায়িত্ব পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বাহিনীটি বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






