পিরোজপুরে সাত দেশের ক্বিরাত সম্মেলন

আন্তর্জাতিক ক্বারীদের সুমধুর তিলাওয়াতে মুখর নেছারাবাদ, অংশ নিচ্ছেন দেশি-বিদেশি খ্যাতিমান ক্বারীরা।

টুইট প্রতিবেদক: পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে মুখর হয়ে উঠেছে পিরোজপুরের নেছারাবাদ। বাংলাদেশসহ সাতটি দেশের খ্যাতিমান ক্বারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

উস্তাজুল ক্বেররা মরহুম হাফেজ ক্বারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। প্রধান আলোচক হিসেবে রয়েছেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। সম্মেলনে সভাপতিত্ব করছেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

সম্মেলনে অংশ নিচ্ছেন সাত দেশের ক্বারীরা। তাঁদের মধ্যে রয়েছেন মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। পাশাপাশি স্থানীয় হাফেজ ও ক্বারীরাও পবিত্র কোরআন তিলাওয়াত করছেন।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শোনার সুযোগ সৃষ্টি এবং মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও আল্লাহর প্রতি তাকওয়া বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সাত দেশের ক্বারীদের সম্মিলনে এ আয়োজন স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পবিত্র কোরআনের তিলাওয়াত ঘিরে সম্মেলনস্থলে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ।