সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান

বান্দরবানের বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধবিহারের ৪১তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে বসবাস এবং নিজ নিজ ধর্মের নীতি ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুসংঘ। তাঁরা বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি শীল পালন, দান ও ভাবনার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন সম্ভব।
শনিবার (১৪ নভেম্বর) বান্দরবানের বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধবিহারে দিনব্যাপী আয়োজিত ৪১তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনায় এসব কথা বলেন ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন পূজনীয় ভদন্ত ঞানিসারা মহাথের। বিশেষ ধর্মদেশক ছিলেন ভদন্ত প্রজ্ঞাসিদ্ধি থের।
ধর্মদেশনায় ভিক্ষুসংঘ বলেন, পঞ্চশীল পালন করে দান করলে দায়ক-দায়িকারা সেই দানের সুফল লাভ করেন। পারমী মূলত তিন প্রকার—দান পারমী, শীল পারমী ও ভাবনা পারমী। এসব পারমী বিশ্লেষণ করলে ৩০ প্রকার দানোপারমীর বিষয়টি পাওয়া যায়। যাঁরা ভাবনা করেন, শীল পালন করেন এবং কুশল কর্ম সম্পাদন করেন, তাঁরা পারমী পূরণ করেন। বুদ্ধ ৩০ প্রকার দানোপারমী পূর্ণ করে সিদ্ধার্থ গৌতম থেকে বুদ্ধত্ব লাভ করেছিলেন।
তাঁরা আরও বলেন, বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধবিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, বড়ুয়া ও হিন্দু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং নিজ নিজ ধর্ম পালন করলে সবার মঙ্গল সাধিত হবে।
পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞা নাইন্দা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ধর্মদেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি আগাপাড়া বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত খেমা সারা মহাথের, ভদন্ত পাইন্দা ওয়াইনসা মহাথের ও ভদন্ত তেরেজা মহাথেরসহ অন্যান্য ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধবিহারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংকার চাই সুই হ্লা মারমা।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পুণ্যময় পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বালাঘাটা ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক বৌদ্ধধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নেন।






