বগুড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

নিখোঁজের পর প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার; মূল অভিযুক্ত পলাতক, তদন্তে পুলিশ।

টুইট প্রতিবেদক: বগুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত যুবকের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত রাহুল (২২) পলাতক রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া মহানগরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রাহুলের বাড়ি থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত রাহুল পালিয়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা রাহুলের দাদা লুৎফর রহমান লুদু (৭০) ও দাদি রহিমা বেগম বেলিকে (৬৫) আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাঁদের পরিবারের চারটি মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাঁদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।

তিনি আরও জানান, শনিবার মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, শিশুটিকে হাসপাতালে গিয়ে দেখা হয়েছে এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তাঁরা। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির যথাযথ চিকিৎসা এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।