রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা

তানোরের চুনিয়াপাড়ায় গড়ে উঠছে গ্রামীণ পরিবেশের রিসোর্ট, সর্বোচ্চ শেয়ার ক্রেতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেড’-এর অতিথি সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি। এ সময় রিসোর্টটির সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রয়কারী ও তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয়কারীদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহ ডাইন চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স হেড মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর অব পাবলিকেশন মাহফুজুর রহমান মাহবুব এবং অ্যাডমিন ও অপারেশন বিভাগের দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান ডালিম।

এ ছাড়া প্রতিষ্ঠানটির ঢাকা করপোরেট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও ডিএম সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সম্পূর্ণ গ্রামীণ ও নিরিবিলি পরিবেশে রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় গড়ে তোলা হচ্ছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট। প্রকল্পটির মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রিসোর্টটির অংশীদার ও মালিক হওয়ার সুযোগ নিতে আগ্রহী বিনিয়োগকারীদের শেয়ার কেনার আহ্বান জানান তাঁরা।

এদিকে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তানোরের চুনিয়াপাড়ায় অবস্থিত কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শন করেন চিত্রনায়ক ওমর সানি। এ সময় তিনি রিসোর্টের বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সেখানে শুটিংয়ে অংশ নেন।