ইবিতে ভর্তি জালিয়াতি, শিক্ষার্থী ও স্বামীর বিরুদ্ধে মামলা

অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত।
টুইট প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী শামিমা আক্তার ও তাঁর স্বামী ইয়াসিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগে ইংরেজি বিভাগের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
কারণ দর্শানোর নোটিশের জন্য মনোনীত দুই কর্মকর্তা হলেন ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান এবং সহকারী গ্রন্থাগারিক মুরাদ হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিমা আক্তার (রোল নম্বর ২৪১০১০৪)-এর বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে তিনি নিয়মিত শিক্ষার্থীর মতো ক্লাস ও পরীক্ষায় অংশ নেন।
পরবর্তী সময়ে পরীক্ষার ফলাফল প্রস্তুতের সময় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। এরপর জরুরি সভা করে তাঁর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বিভাগ।
এ ঘটনায় আরও অভিযোগ ওঠে, জালিয়াতির বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও একাডেমিক শাখাকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে বিভাগের কর্মকর্তারা নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে না আনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়।
পরে ঘটনা প্রকাশ্যে এলে গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থী, তাঁর স্বামী ইয়াসিন এবং সংশ্লিষ্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও প্রশাসনিক ব্যবস্থা বাস্তবায়নের অপেক্ষা।






