সাঘাটায় দাওয়াতের খাবার খেয়ে অসুস্থ সহস্রাধিক

খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক; এলাকায় আতঙ্ক।

টুইট প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি দোয়া মাহফিল ও ফাতেহার খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ সহস্রাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামে গত মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া তাঁর প্রয়াত বড় ছেলের আত্মার মাগফিরাত কামনায় নিজ বাড়িতে দোয়া মাহফিল ও ফাতেহার আয়োজন করেন। এতে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেন।

অনুষ্ঠানে খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই অংশগ্রহণকারীদের অনেকের তীব্র পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আক্রান্তদের কেউ স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন, আবার অনেকে হাসপাতালে ভর্তি হন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যারা ওই অনুষ্ঠানের খাবার খেয়েছেন, তাঁদের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১০০ জন রোগী ভর্তি রয়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের একজন কালাপানি গ্রামের ২২ বছর বয়সী আসিফ মিয়া জানান, অনুষ্ঠানের খাবার খেয়ে বাড়ি ফেরার প্রায় এক ঘণ্টা পর তাঁর তীব্র পেটব্যথা শুরু হয়। পরে বমি ও পাতলা পায়খানা হলে মঙ্গলবার রাতেই তাঁকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৫০ বছর বয়সী অটোরিকশাচালক আজাহার আলীও।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিহানুল ইসলাম শোভন জানান, হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ধরনের অসুস্থতা হয়ে থাকতে পারে। আশা করা হচ্ছে, চিকিৎসায় আক্রান্তরা সুস্থ হয়ে উঠবেন।

এদিকে বিপুলসংখ্যক মানুষের অসুস্থতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্বজনরা উৎকণ্ঠায় রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে খাবারের নমুনা পরীক্ষা, আক্রান্তদের সঠিক তালিকা তৈরি এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।