খুলনায় সন্ত্রাস দমনে কারফিউ জারির দাবি কেসিসি প্রশাসকের

যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তারের আহ্বান।
টুইট প্রতিবেদক: খুলনায় ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী জাকির হোসেনের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া, জানাজায় অংশগ্রহণ ও সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ১৪ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। খুন, চাঁদাবাজি ও মাদক কারবারের মাধ্যমে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মানুষকে হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত তাঁদের ৮ থেকে ১০ জন কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও সন্ত্রাস দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।
নিহত জাকির হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, শুধু হত্যাকাণ্ডের বিচার করলেই হবে না, খুলনা থেকে স্থায়ীভাবে সন্ত্রাস নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর অভিযান প্রয়োজন। প্রয়োজনে কারফিউ জারি করেও অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।
রূপসার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময় শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত রূপসা বর্তমানে আবারও সন্ত্রাসপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে।
পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়াতে হবে। সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
তিনি আরও জানান, নিহত জাকির হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় নেতা ও স্বজনেরা দায়িত্ব নিয়েছেন। খুলনাকে শান্তিপূর্ণ শহর ও জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
যেভাবে খুন হন জাকির হোসেন
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মো. জাকির হোসেন (৪৩)।
তিনি রূপসা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।






