খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দোকানে বসা অবস্থায় মাথায় গুলি, মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে পালায় দুই দুর্বৃত্ত।
টুইট প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের একটি দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে দেয়। পরে একজন দোকানের ভেতরে ঢুকে জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায়।
হামলার পরপরই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেশায় তিনি একজন ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।






