সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সেবায় আস্থার প্রতীক ৫৭ বিজিবি

দুর্গম মদক সীমান্তে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, টিকা পেল অর্ধশতাধিক শিশু; চিকিৎসাসেবা পেয়েছেন শতাধিক পাহাড়ি বাসিন্দা।
বান্দরবান প্রতিনিধি: সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম মদক সীমান্ত এলাকায় এ মানবিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
কর্মসূচির আওতায় মদক এলাকার ১৮টি পাড়ায় বসবাসরত ০ থেকে ১১ বছর বয়সী অর্ধশতাধিক শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিভিন্ন টিকা দেওয়া হয়। পাশাপাশি হাম-রুবেলা, টাইফয়েড ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকাসহ বিভিন্ন ধরনের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ প্রায় ১০০ থেকে ১৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে ৫৭ বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে কাজ করছে ব্যাটালিয়নটি।
ব্যাটালিয়ন কর্তৃপক্ষ আরও জানায়, পর্যায়ক্রমে অন্যান্য সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের চিকিৎসা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবির এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা ও টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবার মাধ্যমে দুর্গম পাহাড়ি জনপদের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করছে ৫৭ বিজিবি।






