১৫ ম্যাচেই বরখাস্ত ক্যারিক, নতুন কোচের পথে ইউনাইটেড

বাজে পারফরম্যান্স ও দলের অভ্যন্তরীণ অস্থিরতায় দায়িত্ব হারালেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।

টুইট ডেস্ক: মাত্র ছয় মাসের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব হারালেন মাইকেল ক্যারিক। দায়িত্ব নেওয়ার পর শুরুতে দলকে সাফল্যের পথে ফেরালেও নতুন মৌসুমে টানা ব্যর্থতা, কৌশলগত দুর্বলতা ও খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধের কারণে মাত্র ১৫ ম্যাচেই বরখাস্ত হয়েছেন তিনি।

গত মে মাসে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিয়েছিলেন ক্যারিক। তার অধীনে গত মৌসুমের শেষ দিকে দারুণ ছন্দে ফিরেছিল রেড ডেভিলরা। ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় পেয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ চারের লড়াইয়ে ফেরার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ নিশ্চিত করেছিল দলটি।

তবে নতুন মৌসুমের শুরু থেকেই সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় ইউনাইটেড। উদ্বোধনী ম্যাচে পরাজয়ের পর থেকেই দলের কৌশলগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। চোটের সমস্যা এবং নতুন খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে না পারায় রক্ষণ ও আক্রমণ, দুই বিভাগেই ভুগতে থাকে দলটি।

শুধু মাঠের পারফরম্যান্স নয়, ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশও অস্থির হয়ে ওঠে। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে কৌশল এবং দলবদল নীতি নিয়ে মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

রোমা ও অ্যাস্টন ভিলার বিপক্ষে কিছু ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখালেও এভারটন, ব্রাইটন ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি দলটি। ফলে কোচ হিসেবে ক্যারিকের অবস্থান ক্রমেই নড়বড়ে হয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পরই ক্যারিককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোয় ক্লাব কর্তৃপক্ষ। ম্যাচ শেষে নীতিনির্ধারকদের বৈঠকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ক্যারিকের উত্তরসূরি হিসেবে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর নাম আলোচনায় রয়েছে। তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।