ফারহানের গোল বিশ্বমানের, পাকিস্তানকে ৫ গোল দিতে চান সমর্থকরা

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ; সেমিফাইনালে পাকিস্তানকে ঘিরে সমর্থকদের বড় প্রত্যাশা।
টুইট প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। এবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার অপেক্ষা। আর দলের সাম্প্রতিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত সমর্থকদের প্রত্যাশা, পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে সামিত সোম ও হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় দল। বিরতির পর তৃতীয় গোলটি করেন প্রবাসী ফুটবলার ফারহান আলি ওয়াহিদ। শেষ দিকে রাকিবের গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
চারটি গোলই ছিল দৃষ্টিনন্দন। তবে পাঁচজন শ্রীলঙ্কান ফুটবলারকে কাটিয়ে ফারহান আলি ওয়াহিদের করা গোলটি বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। তাঁর অসাধারণ নৈপুণ্যে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
ম্যাচ শেষে আব্দুল বারী নামের এক দর্শক বলেন, ‘ফারহানের খেলা অসাধারণ। তার করা গোলটি বিশ্বমানের। টিকিট কেটে খেলা দেখতে আসা সার্থক হয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর এবার বাংলাদেশের সামনে পাকিস্তান চ্যালেঞ্জ। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের এই মুখোমুখি লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
পাকিস্তানকে নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে ফুটবলপ্রেমী শামীম জামান বলেন, ‘বাংলাদেশের খেলার অনেক উন্নতি হয়েছে। পাকিস্তান আমাদের কাছে পাত্তাই পাবে না। আমরা পাকিস্তানকে ৫ গোল দেব।’
গ্রুপ পর্বে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্স এবং হামজা, ফারহানদের আক্রমণাত্মক ফুটবল সমর্থকদের আশাবাদী করে তুলেছে। এখন সেই প্রত্যাশাকে মাঠের পারফরম্যান্সে বাস্তবে রূপ দেওয়ার পালা। পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।






